সরকার পদত্যাগের আগে কোনো সংলাপ নয় : দুদু

ঝিনাইদহ প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকার পদত্যাগের আগে কোনো সংলাপ নেই। পদত্যাগ করবে, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংলাপ হতে পারে।

শনিবার সকালে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আর একটা পথ খোলা আছে। যদি কেয়ারটেকারের প্রশ্নে আলোচনায় আসেন, তাহলে বিএনপি বিবেচনা করে দেখবে, করা যাবে কি না।
তিনি আরও বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলন করছি। আমরা বাংলাদেশটাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছি। আমাদের এক দফা এক দাবি সরকারের পদত্যাগ। আমরা পার্লামেন্ট ভেঙে দেওয়ার কথা বলছি। বাংলাদেশে ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছি। এটা নিয়ে আমরা আন্দোলন করছি। এই আন্দোলনের কোনো আপস নেই।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুলসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights