সত্যি কী রাশিয়া ইরানকে যুক্তরাষ্ট্র নিয়ে গোয়েন্দা তথ্য দিচ্ছে?
অনলাইন ডেস্ক
রাশিয়া ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক তথ্য দিচ্ছে—এমন গুঞ্জন তৈরি হয়েছে। তবে এ ধরনের অভিযোগ সরাসরি অস্বীকার করেছে মস্কো। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট কিছুদিন আগে দাবি করেছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়া ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানগুলোর অবস্থানও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
কিন্তু রাশিয়া এই অভিযোগ নাকচ করে দিয়েছে। তারা বলছে, এ ধরনের তথ্য আদান-প্রদানের কোনো ঘটনা ঘটেনি।
এদিকে সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দূত কিরিল দিমিত্রিয়েভ যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে রাশিয়া সংক্রান্ত গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে, তাহলে রাশিয়াও ইরানের সঙ্গে তথ্য শেয়ার বন্ধ করতে পারে। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।
এই খবরকেও ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন দিমিত্রিয়েভ। একইভাবে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান আইনপ্রণেতা আনা পলিনা লুনা পলিটিকোকে ইউক্রেন ‘যুদ্ধপন্থী প্রচারণার মাধ্যম’ বলে সমালোচনা করেছেন।
হোয়াইট হাউস জানিয়েছে, যদি সত্যিই রাশিয়া ইরানকে তথ্য দিয়ে থাকে, তাহলে তা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, এমন কিছু হলে তিনি খুশি হবেন না।
তবে ট্রাম্প আরেক মন্তব্যে বলেন, যদি রাশিয়া তথ্য দিয়েও থাকে, তাতে ইরানের খুব একটা লাভ হচ্ছে না। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ একটি সংবাদমাধ্যমকে বলেন, তিনি গোয়েন্দা কর্মকর্তা নন, তাই রাশিয়া তথ্য দিচ্ছে কিনা নিশ্চিত করে বলতে পারেন না। তবে রাশিয়া যে অস্বীকার করেছে, সেটিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত।
উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া এই যুদ্ধে রাশিয়া প্রকাশ্যে ইরানকে কী ধরনের সহায়তা দিচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি। তবে মানবিক সহায়তা পাঠানোর কথা স্বীকার করেছে মস্কো।
