সদরঘাটে বন্ধ ‘লঞ্চ’ চলাচল
লিমন ইসলাম, জবি প্রতিনিধি
ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে ঢাকা নদীবন্দরে তিন নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। ফলে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলগামী সকল রুটে লঞ্চসহ সকল যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিআইডব্লিউটিএ এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দর সদরঘাটের যুগ্ম পরিচালক ইসমাইল হোসাইন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার সকালে থেকে লঞ্চ চলাচল বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে সকল যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
এদিকে গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে সদরঘাটে এসে লঞ্চ না পেয়ে বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা। অবরোধের কারণে আটকে থাকা অধিকাংশ যাত্রীই দক্ষিণাঞ্চলের নিজ গন্তব্যে যাওয়ার জন্য এদিন সদরঘাট এসেছিলেন। তবে লঞ্চ বন্ধ থাকায় অপেক্ষা করে অনেকেই ছুটে যাচ্ছেন সায়দাবাদ বাস টার্মিনালে আবার অনেককে ফিরে যেতেও দেখা গেছে।
ভোলাগামী যাত্রী রাশেদ ফারাজী বলেন, মিরপুর-২ থেকে এই বৃষ্টির মধ্যে সদরঘাট আসলাম। এসে দেখি লঞ্চ নেই। অপেক্ষা করছিলাম যদি লঞ্চ ছাড়ে। কিন্তু সবাই বলছে ছাড়বে না। তাই এখন আবার মিরপুর চলে যাবো।
বরিশালগামী যাত্রী নূর আলম বলেন, প্রতিদিন অবরোধ-ঝামেলা, তাই শুক্রবার আসলাম বাড়ি যাবো বলে। এসে দেখি লঞ্চ যাবে না। এখন সায়দাবাদ যাবো ভাবতেছি।
লঞ্চ চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক আছে সদরঘাট এলাকার খেয়া পারাপার অব্যহত আছে। যাত্রী কম হলেও ওয়াইজ ঘাট ও নীলকুঠি ঘাট থেকে পারাপার করছেন খেয়া মাঝিরা। বৃষ্টির কারণে যাত্রীদের ছাতা মাথায় দিয়েই খেয়া পারাপার হতে দেখা যায়।
