সনজিত আচার্য্যের শেষকৃত্য সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের বহু আঞ্চলিক গানের স্রষ্টা জনপ্রিয় সংগীত শিল্পী আচার্য্যের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সোমবার রাতে চট্টগ্রামের বলুয়ার দীঘি মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় তার স্বজনরা ছাড়াও ভক্তরা উপস্থিত ছিলেন।
সনজিত আচার্য্যের ছোট বোন সংগীতশিল্পী গীতা আচার্য্য বলেন, মস্তিস্কে রক্তক্ষরণের কারণে সকালে দাদাকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার শেষকৃত্য সোমবার রাতেই বলুয়ার দীঘি মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। পরিবারে তার স্ত্রী এবং তিন মেয়ে রয়েছে।
৭১ বছর বয়সী সনজিতের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার ছাপোরা গ্রামে। পাঁচ ভাই দুই বোনের মধ্যে তিনি চতুর্থ। ছোটবেলা থেকে গানের সঙ্গে নিজেকে জড়িয়ে নেন সনজিত। লোকগান, আঞ্চলিক গান, ভাণ্ডারি গানসহ বিভিন্ন ঘরানার গান নিয়ে কাজ করেছেন গুণী এই শিল্পী। তার লেখা ও সুর করা গান চট্টগ্রামের মানুষের কাছে ভীষণ জনপ্রিয় হয়েছে। তিনি এক হাজারের বেশি গানের রচয়িতা বলে অনুমান করা হয়।
