সবকিছুরই তো শেষ আছে; কেন বললেন মাশরাফি?

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল এলেই জাদুর কাঠি আরও বেশি সরব হয়ে যায় মাশরাফি বিন মর্তুজার। আলাদা তিন দলের হয়ে চারবার বিপিএল জিতেছেন মাশরাফি। টুর্নামেন্টটাকে তাই ভালো করেই চেনা তার। এবারের বিপিএলেও সিলেট স্ট্রাইকার্সের মতো অপেক্ষাকৃত কম আলোচিত দলকে ফাইনালে তুলেছেন। সামনে থেকেই নেতৃত্ব দিয়ে দলকে নিয়ে এসেছিলেন শিরোপার কাছে। ফাইনালেও ভালো লড়াইয়ের পর অবশ্য তাদের ৭ উইকেটে হারতে হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে।

এমন হারের পর বিপিএলের ফাইনালে মাশরাফির না হারার রেকর্ড গেছে ভেঙে। এ নিয়ে জানতে চাইলে ফাইনালের পরের সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘একদিন না একদিন হওয়া দরকার ছিল, হয়েছে আজকে। ভালো হয়েছে। সবকিছুরই তো শেষ আছে।’

সিলেট নিয়ে প্রত্যাশা পূরণ করতে পেরেছেন কি না এমন প্রশ্নে মাশরাফি বলছিলেন, ‘আগের দিনও বলেছিলাম আমাদের এটা বাজেটের দল। নির্দিষ্ট বাজেটের দল, এর বাইরে যাওয়ার আসলে সুযোগ ছিল না আমাদের যে মালিক তাদের। তারপরও সেরাটা উনারা চেষ্টা করেছেন। আমাদের বেশির ভাগই দেশি ব্যাটার যারা ছিল টপ অর্ডারে। তারা পারফর্মও করেছে, পুরো অথরেটি নিয়েই খেলতে পেরেছে, বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তারা দায়িত্ব নিয়ে খেলতে পেরেছে। এটা হয়তো ভবিষ্যতেও তাদের কাজে লাগবে এই ধরনের টুর্নামেন্ট থেকে।’
‘যা হয়েছে আমি এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না। ছেলেরা যতটুকু চেষ্টা করেছে, এর চেয়ে বেশি আশা করা যায় না। তবে হ্যাঁ, শেষদিন মাঠে যারা ভালো খেলবে, তারা জিতবে। আমরা ভালো খেলিনি এই কথা বলা ঠিক হবে না। ছেলেরা ভালো খেলেছে। কিন্তু কিছু জায়গায় ম্যাচটা আমাদের হাত থেকে চলে গেছে গেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights