সবচেয়ে কম বলে ৫০ উইকেট
ক্রীড়া প্রতিবেদক
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পঞ্চম স্পিনার হিসেবে ৫০ উইকেটের ক্লাবে নাম লেখেন নাঈম হাসান। মিরপুর টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে অলআউট করতে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন নাঈম। ১০.৫ ওভার বোলিংয়ে ৪ উইকেট নেন ৩৩ রানের খরচে। স্পেলের ২ উইকেট নেওয়ার সময়ই গড়েন নতুন এক রেকর্ড। বাংলাদেশের স্পিনারদের মধ্যে সবচেয়ে কম বল খরচ করে দ্রুততম ৫০ উইকেট নিয়েছেন নাঈম। মাঈলফলকটি গড়তে দীর্ঘদেহি অফস্পিনার নাঈম ১৬ টেস্টে বল খরচ করেন ২৮৫৬টি। ৩৪৫৮ বল খরচ করে ৫০ উইকেট নিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। যদিও টেস্টের হিসেবে টাইগার স্পিনারদের মধ্যে সবচেয়ে কম টেস্ট খেলতে হয়েছে মিরাজকে, ১৩টি। নাঈম খেলেন ১৬টি। নাঈমের মাইলফলকের দিনে ব্যাটিং ব্যর্থতায় ভুগছে টাইগাররা। নাজমুল বাহিনী তৃতীয় দিন শেষ করেছে ৬ উইকেটে ৭৯ রান তুলে। টেস্টের আজ চতুর্থ দিন হাতে ৪ উইকেট নিয়ে ১০৬ রানে এগিয়ে খেলবে বাংলাদেশ। সফরকারী ক্যারিবীয়দের কত রানের টার্গেট দেয়, সেটাই দেখার বিষয়। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। চলতি টেস্টসহ তাইজুলের শিকার ৬৪ টেস্টে ২৭৫টি। মিরাজের উইকেট ৬২ টেস্টে ২৩১টি। সাকিব আল হাসানের উইকেট ৭১ টেস্টে ২৪৬ এবং মোহাম্মদ রফিকের উইকেট ৩৩ টেস্টে ১০০টি।
