সমাবেশে ক্ষতিগ্রস্ত গাছ পুনরায় রোপণের ঘোষণা বিএনপির

অনলাইন ডেস্ক

রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট), বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা বর্জ্য-আবর্জনা অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে বিএনপি।

একই সঙ্গে সমাবেশের কারণে ক্ষতিগ্রস্ত গাছ পুনরায় লাগানোর ঘোষণা দিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বর্জ্য অপসারণ কার্যক্রমে অংশ নেন।

এ প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘আমাদের নেতাকর্মীদের পাশাপাশি প্রায় ৩৫০ জন শ্রমিককে বর্জ্য অপসারণের কাজে নিয়োগ করা হয়েছে। আজ সারাদিন এই কাজ চলবে। কাজ শেষ না হলে আগামীকালও কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সমাবেশের কারণে যে সব গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব জায়গায় আবার গাছ লাগানো হবে।’

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর সপরিবারে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় যাওয়ার পথে তাকে এক নজর দেখতে রাস্তার দুপাশে লাখো নেতাকর্মী ভিড় করেন। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটারজুড়ে ছিল নেতাকর্মীদের উপস্থিতি। পরে পূর্বাচলে আয়োজিত গণ-সংবর্ধনায় বক্তব্য দেন তারেক রহমান।

এর আগে দলের ফেসবুক পোস্টে জানানো হয়, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজিত এই অভূতপূর্ব জনসমাবেশের কারণে এক্সপ্রেসওয়ে ও বিমানবন্দর এলাকায় যে বর্জ্য সৃষ্টি হয়েছে, জনস্বার্থে তা দ্রুত অপসারণ করা হবে। এ লক্ষ্যে শুক্রবার সকাল থেকেই পরিচ্ছন্নতা কর্মীরা মাঠে নামেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights