সরকারি দপ্তরে এসে মানুষ যেন স্বস্তি পান: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘আমাদের প্রমাণ করতে হবে যে আমরাই নাগরিকদের আস্থার জায়গা। সরকারি দপ্তরে এসে মানুষ যেন স্বস্তি পান এবং তাঁদের সমস্যার সমাধান হয়, সেটি নিশ্চিত করতে হবে।’

আজ শনিবার জেলার আনোয়ারা উপজেলা পরিষদে ডেঙ্গু প্রতিরোধে কিট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘সরকারি চাকরি মানে শুধু নির্ধারিত সময়ে অফিসে আসা-যাওয়া নয়। জনগণের প্রতি দায়িত্ববোধই একজন কর্মকর্তার প্রকৃত পরিচয়। আপনার বা আমার চেয়ার আজ আছে, কাল থাকবে না। কিন্তু রাষ্ট্র ও সমাজের জন্য আমরা কী অবদান রেখে গেলাম, সেটিই গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘সীমাবদ্ধতাকে অজুহাত হিসেবে দেখলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সরকারি কর্মকর্তাদের আরও গতিশীল হতে হবে। নানা প্রতিকূলতার মধ্যেও মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন। মানুষের প্রত্যাশা পূরণেও একই ধরনের দৃঢ়তা ও দায়িত্ববোধ প্রয়োজন।’

নাগরিকদের সঙ্গে মানবিক আচরণের ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, ‘আইনের বাইরে গিয়ে কোনো কাজ করার প্রয়োজন নেই। তবে সেবাপ্রার্থীদের কথা মনোযোগ দিয়ে শোনা, প্রয়োজনীয় পরামর্শ দেওয়া এবং তাঁদের সমস্যার সমাধানে আন্তরিক হওয়া প্রত্যেক কর্মকর্তার দায়িত্ব।’

সম্প্রতি অনুষ্ঠিত দুর্গাপূজার প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্‌যাপন সম্ভব হয়েছে। এর মাধ্যমে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র তুলে ধরা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জাকারিয়া চৌধুরী জকু, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights