সরকার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে থাকবে: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাদের রক্তের বিনিময়েই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। গণঅভ্যুত্থানের যোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি সরকার অত্যন্ত সংবেদনশীল। তাদের কল্যাণ, পুনর্বাসন ও সম্মান নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

বৃহস্পতিবার(১৬ জুলাই) জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সিসিক প্রশাসক বলেন, বিগত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চূড়ান্ত রূপ লাভ করে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত সেই আন্দোলনে অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ মানুষ জীবন উৎসর্গ করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি বলেন, ‘যারা দীর্ঘ ১৭ বছর রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছেন এবং যারা জুলাই আন্দোলনে সরাসরি অংশ নিয়ে আত্মত্যাগ ও সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানসহ অনেকে বক্তব্য দেন।

এ সময় শহীদ পরিবারের পক্ষে বক্তব্য দেন শহীদ পাভেলের পিতা মো. রফিক উদ্দিন এবং শহীদ মিনহাজ আহমদের বড় ভাই সাঈদ আলমগীর। এছাড়া বক্তব্য দেন জুলাই যোদ্ধা সংসদ জেলার আহ্বায়ক লিটন আহমেদ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’র সদস্যসচিব আব্দুল মতিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights