সরকার সিসিকে কোটি কোটি টাকা দিলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি : নানক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সিলেট সিটি করপোরেশনের মানুষের উন্নয়নের জন্য সরকার হাজার কোটি টাকা দিলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এটা সিলেটবাসীর জন্য দুর্ভাগ্য। তবে এবার নৌকার জয় হলে সিলেটকে ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলা হবে।

শুক্রবার বিকেলে সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন নানক।

এ সময় নানক বলেন, পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে আসতে চাচ্ছে না। তারা জনগণের অবস্থান বুঝতে পেরেছে। এবার সিলেটসহ দেশের অন্য পাঁচ সিটি করপোরেশনের নৌকার পক্ষে গণজোয়ারের খবর তাদের অজানা নয়। তাছাড়া তাদের অতীত কার্যক্রম জনগনের মনে আছে।
তিনি বলেন, সিলেটে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকা অবশ্যই জয় পাবে। তবে ব্যতিক্রম কিছু ঘটলে রংপুরের মতো কমিটি বাতিলের কোন সম্ভাবনা নেই।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights