সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি:
দৈনিক জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা সাংবাদিক সমাজের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ 24 টিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে জনবাণীর সাতক্ষীরা প্রতিনিধি রায়হান সিদ্দিকীর সঞ্জালনায় বক্তব্য রাখেন কালবেলা পত্রিকার সাংবাদিক গাজী ফরহাদ, মানববকণ্ঠের জেলা প্রতিনিধি মেহেদী আলী সুজয়, সাতক্ষীরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাবলুর রহমান, দৈনিক যশোর পত্রিকার সহ সম্পাদক মুজাহিদ ইসলাম, সাপ্তাহিক সূর্যের আলো বার্তা সম্পাদক মুনসুর রহমান, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি রাহাত রাজা, বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি মামুন হোসেন, দৈনিক গণজাগরন জেলা প্রতিনিধি মামুন খান প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৫ ডিসেম্বর দৈনিক জনবাণী প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, অনলাইন সম্পাদক আতাউর হোসেনসহ চারজন সাংবাদিকের উপরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হলেও সন্ত্রাসীরা এখনো গ্রেফতার হয়নি।
মানববন্ধনে বক্তরা বলেন, গণমাধ্যমের কণ্ঠ রোধ করার জন্য দেশব্যাপী সাংবাদিকদের উপরে সন্ত্রাসী হামলা, মামলা করা হচ্ছে। তারা চায় গণমাধ্যমকে থামিয়ে দিতে। সাংবাদিকদের ওপর হামালায় বোঝা যায় গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। এভাবে একের পর এক সাংবাদিকদের উপর হামলা চালিয়ে অনিয়ম দুর্নীতির সাথে জড়িত সন্ত্রাসীরা গণমাধ্যমকে বাধাগ্রস্ত করতে চায়। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
মানববন্ধনে উপস্থিত গণমাধ্যম কর্মীরা দেশব্যাপী সাংবাদিকের উপর নির্যাতন, হামলা, মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
