সাংবাদিকের বাড়িতে চুরি: জেলা পরিষদ চেয়ারম্যানের পরিদর্শন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
দৈনিক কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর আখাউড়া পৌর এলাকার রাধানগরের বাড়িতে চুরির ঘটনার তিনদিন পার হলেও মালামাল উদ্ধার হয়নি। পুলিশ বলছে, তাদের চেষ্টা অব্যাহত আছে।
এদিকে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটি দুঃখজনক অভিহিত করে মালামাল উদ্ধারে প্রশাসনের দৃষ্টি কামনা করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার পুলিশের এএসপি (কসবা-আখাউড়া সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বিষয়টি নিয়মিত চুরির অংশ হিসেবে উল্লেখ করেন।
গত মঙ্গলবার রাতে বিশ্বজিৎ পাল বাবুর বাড়ির দোতলার একটি কক্ষ থেকে ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল ফোনসেটসহ দুই লাখ টাকার মালামাল খোয়া যায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ দেন বিশ্বজিৎ পাল। তবে কিছু পরিবর্তনসংক্রান্ত কারণে এটি নথিভুক্ত হয়নি।
মালামাল উদ্ধারের নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন। পুলিশ মালামাল উদ্ধারে কাজ শুরু করছে বলে জানিয়েছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম।
