সাংবাদিক আবদুস সালামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি
অনলাইন প্রতিবেদক
দেশের প্রখ্যাত সাংবাদিক, ভাষা আন্দোলনে কারাবরণকারী, দ্য অবজারভার পত্রিকার সাবেক সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) প্রতিষ্ঠাতা মহাপরিচালক মরহুম আবদুস সালামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল ২ আগস্ট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির অংশ হিসেবে সকালে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে রাজধানীর ধানমন্ডিতে তাঁর বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এদিকে স্পৃহা সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন, জাতীয় পর্যাবেক্ষক পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করবে।
এ ছাড়া সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদের উদ্যোগে আগামী ২৫ আগস্ট একটি আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শুভানুধ্যায়ীরা অংশ নেবেন।
আয়োজকরা জানান, মরহুম আবদুস সালামের কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর অসামান্য অবদান এবং গণতন্ত্র, স্বাধীনতা ও মুক্তচিন্তার প্রতি তাঁর অবিচল নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানাতেই এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা নির্ধারিত কর্মসূচিতে সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
