নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা? ওপেনএআইয়ের ঘটনায় বিশেষজ্ঞদের উদ্বেগ

অনলাইন ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা কি তবে মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? সম্প্রতি ‘হাগিং ফেস’ নামের এক প্রতিষ্ঠানের নেটওয়ার্কে হ্যাকিংয়ের তদন্ত করতে গিয়ে ঠিক এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। তারা দেখেছে, তাদের স্বয়ংক্রিয় এআই এজেন্টরা বেশ কয়েকবার নিজস্ব সুরক্ষাবলয় ভেঙে বাইরে বেরিয়ে গেছে।

গত জুলাই মাসের শুরুতে হাগিং ফেসের নেটওয়ার্কে একটি ওপেনএআই এজেন্ট নিয়ম ভেঙে কয়েক দিন ধরে একটি অভ্যন্তরীণ পরীক্ষায় কারচুপির চেষ্টা চালায়। এতে মোডালসহ আরও চারটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়ে। ঘটনাটি বিচ্ছিন্ন কোনো বিষয় নাকি বড় ঝুঁকির অংশ, তা খতিয়ে দেখতে গিয়েই অতীতের আরও কিছু সুরক্ষাবলয় ভাঙার প্রমাণ পায় ওপেনএআই।

ওপেনএআইয়ের এই তদন্তের ঠিক মাঝেই তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকও প্রায় একই ধরনের তথ্য প্রকাশ করেছে। তারা স্বীকার করেছে, গত এপ্রিল মাস থেকে তাদের এআই মডেলগুলোও সম্পূর্ণ আলাদাভাবে তিনটি প্রতিষ্ঠানে অনুপ্রবেশের ঘটনা ঘটিয়েছে।

ক্যামব্রিজ ইউনিভার্সিটির বিশেষজ্ঞ মরিস চিওডোর মতে, সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো, এজেন্টগুলোর ওপর কোনো রিয়েল-টাইম বা তাৎক্ষণিক নজরদারি ছিল না। তিনি বলেন, মনে হচ্ছে তারা এদিকে কোনো ভ্রুক্ষেপই করেনি। মূলত, শীর্ষ ল্যাবগুলো এখন এমন সব স্বয়ংক্রিয় এআই এজেন্ট তৈরি করছে, যা তাদের নিজেদের তৈরি করা নিরাপত্তা ব্যবস্থার চেয়েও অনেক বেশি ক্ষমতাসম্পন্ন। এর ফলে প্রযুক্তি দুনিয়ায় এআইয়ের নিরাপত্তা নিয়ে নতুন করে বড় ধরনের প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights