সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ
মোঃ উমর ফারুক, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
সংবাদ প্রকাশের জেরে জামালপুরের একাত্তর টিভি ও বাংলানিউজের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলার সকল সাংবাদিকরা। শনিবার দুপুরে শহরের জিরো পয়েন্ট (পাচুরমোড়) থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবারও সেখানে সমবেত হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, জয়পুরহাট সাংবাদিক ঐক্যজোটের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, জেলা টেলিভিশন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোমেন মুনি, প্রেসক্লাব জয়পুরহাটের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদার, সোহেল আহম্মেদ লিও, সাংবাদিক রবিউল ইসলাম, শামীম কাদির, আল মামুন, আজাদ আলী, আহসান হাবীব, মশিউর রহমানসহ সাংবাদিক নেতারা।
এছাড়া কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সংবাদিক অংশ নেন। এসময় বক্তরা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা এখন প্রায়ই হামলার শিকার হচ্ছেন। কিন্তু তার কোন বিচার হচ্ছেনা। সাংবাদিকদের উপর হামলার বিচার না হওয়ায় জামালপুরের সাংবাদিক নাদিমকে সন্ত্রাসীরা হত্যা করার এতবড় সাহস পেয়েছে। তাই সাংবাদিক নাদিক হত্যার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও জয়পুরহাটের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনের ডাক দিবে।
