সাতক্ষীরায় সীমান্ত থেকে ৮ স্বর্ণের বার উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
ভারতে পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে। সাতক্ষীরার কালিয়ানী সীমান্তের বৈকারী এলাকায় অভিযান চালিয়ে বাইসাইকেলের পাইপের ভেতর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক রবিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্তের বৈকারী এলাকা দিয়ে চোরাকারবারিরা বাইসাইকেলে করে বাংলাদেশ থেকে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার করছে, এমন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে সেখানে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হকের নির্দেশে কালিয়ানী বিওপির নায়েক মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে অভিযানে নামে বিজিবি।

এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাইসাইকেল ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ওই বাইসাইকেল তল্লাশি করে সিটের নিচে বিশেষ ব্যবস্থায় পাইপের ভেতর থেকে ৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৯৩৩ কেজি ১২০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৮৬ লাখ টাকা।
সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights