“সাদা পালক “
হাসিনা মরিয়ম
কখনও মনে হয় তুমি খুব কাছের,
কখনও মনে হয় তুমি খুব দূরের,
কখনও মনে হয় তুমি আমার নিঃশ্বাস,
আবার – কখনও মনে হয়
দূরে থেকেও তুমি আমার অনেক কাছের,
তোমার নিঃশ্বাস ছুঁয়ে যায় আমাকে,
কখনও মনে হয় তুমি অমানিশা,
কখনও মনে হয় তুমি গোধূলির রং,
কখনও বা দূরের তারা মনে হয়,
কখনও তুমি মরিচিকা
দূর থেকে দূরে চলে যাও,
মনে হয় কোনো গ্রহে তোমার বাস,
তোমাকে অনুভব করা যায়
স্পর্শ করা যায় না,
তুমি বাস করো আমার কষ্টের মাঝে,
নীল বিষ ছড়িয়ে দাও আমার সমস্ত হৃদয়ে,
দূর নক্ষত্রের আলোর মতো তোমার ভালবাসা
আমার হৃদয়ে মিটিমিটি করে জ্বলে,
তোমাকে নিয়ে দূর আকাশের গায়ে
ভেসে বেড়াতে ইচ্ছে করে,
একটি স্বপ্ন আমি তোমাকে নিয়ে দেখেছিলাম,
আজ ততোটাই দূরে সরে গেছি….
জানিনা কেন
তোমাকে আমি এখনও চিনতে পারিনি,
হয়তো ভ্রম,হয়তো ভুল… কিন্তু
যে ভালবাসা হৃৎপিণ্ডে শাখা প্রশাখা ছড়িয়েছে
তোমার জন্য,
তা আজও আমি উপড়ে ফেলতে পারিনি,
তোমার মাঝে আলো ছড়াতে চেয়েছি আমি,
চেয়েছিলাম তোমার কষ্টকে শুষে নিতে,
তোমার হৃৎপিণ্ডে যে ক্ষত
তা মুছে দিতে চেয়েছিলাম,
অনেক কিছুই চেয়েছিলাম
প্রিয়জনের জন্য যা চাওয়া যায়,
কিন্তু আজ…
জীবনের যে বাঁকে এসে দাঁড়িয়েছি,
তোমার কাছে আমার চাইবার আর কিছু নেই,
এখন শুধু অপেক্ষার পালা,
কখন এর পান্ডুলিপি লেখা শেষ হবে,
শেষ হবে মিছেমিছি ভাবনার…
তুমি আমার… শুধুই আমার… ।।
