সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ দেখাবে টি স্পোর্টস
ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠবে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ১৫তম আসরের। উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশও খেলতে নামবে।
মাঠের লড়াইয়ের পাশাপাশি দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে টুর্নামেন্টের সম্প্রচার ও টিকিটের ব্যবস্থা। যারা গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন না, তাদের জন্য থাকছে সরাসরি ম্যাচ উপভোগের সুযোগ।
সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের প্রথম ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস। টেলিভিশন-অনলাইন দুই মাধ্যমেই দেখা যাবে টুর্নামেন্টের ম্যাচগুলো। পাশাপাশি বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফির অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে খেলা। এ ছাড়া স্পোর্টজিফাই অ্যাপেও খেলা দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা।
গ্যালারিতে বসে খেলা দেখতে আগ্রহীদের জন্য টিকিটের মূল্য, ক্যাটাগরি ও বিক্রির সময়সূচিও চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ভবনে সাফ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপ পর্ব ও সেমিফাইনালের প্রতিটি ম্যাচ ডেতে দুটি ম্যাচই দেখা যাবে একটি টিকিটে। অর্থাৎ, দিনের প্রথম ও দ্বিতীয় ম্যাচ দেখতে আলাদা টিকিট কেনার প্রয়োজন হবে না। প্রতিদিন প্রথম ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে খুলে দেওয়া হবে জাতীয় স্টেডিয়ামের গেট।
