সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের শাস্তির দাবিতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তারকৃত আসাদুর রহমান কিরণের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাসন মেট্রো থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের বাসন থানাধীন জয়দেবপুর রোডস্থ ইসলাম প্লাজার সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন মনির, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ, গাজীপুর মহানগর কৃষক দলের আয়বায়ক আতাউর রহমান, সদস্য সচিব জাহিদ হোসেন, গাজীপুর মহানগর শ্রমিকদলের আহবায়ক ফয়সাল আহমেদ সরকার, মহানগর ওলামা দলের সভাপতি কাজী খোকন, বিএনপি নেতা মো: সিরাজুল ইসলাম সহ কয়েকশ’ নেতাকর্মী।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের বেনিফিসিয়ারি দুর্নীতিবাজ,ভূমিদস্যু ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি সহ তার দোসরদের গ্রেপ্তার করতে হবে।
এর আগে আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। বৈষম্য বিরোধী আন্দোলনকালে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
