সাভারে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

সাভার প্রতিনিধি

সাভারে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বিকেলে ১৪ বছর বয়সী স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ওই শিক্ষার্থী বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় ওই এলাকার বখাটে যুবক গোলাপ ফুল চাষী আশরাফুল (২৫) তাকে ধরে প্রকাশ্যে মারধর করে ধর্ষণ করেন। পরে ওই ছাত্রীকে মৃত ভেবে সে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা ওই ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। পরে রাতে নির্যাতিত ছাত্রীর পরিবার ধর্ষণকারী আশরাফুলকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এলাকাবাসী আরও জানায়, বখাটে ওই যুবকের নামে এলাকায় আরও নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এর আগেও নারীকে ধর্ষণ, কু-প্রস্তাবসহ একাধিক অভিযোগে এলাকায় বিচার শালিসের মাধ্যমে তাকে সর্তক করা হলেও তার এসব কর্মকাণ্ড থেমে নেই। এলাকাবাসী দ্রুত এই সিরিয়াল ধর্ষণকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। নির্যাতিত ওই স্কুল ছাত্রীর অসহায় পরিবারটি কঠোর শাস্তি দাবি করেছেন ধর্ষণকারীর।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ধর্ষণকারীকে গ্রেফতারে অভিযান চলছে। থানার একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights