সিঙ্গেল সিটের দাবিতে রাতে ছাত্রীদের অবস্থান

দুই কার্যদিবসের মধ্যে সিঙ্গেল সিটের দাবিতে অবস্থান নিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষকরত্ন শেখ হাসিনা হলের ৭৯ ব্যাচের আবাসিক শিক্ষার্থিরা।

বুধবার রাতে (৩১ মে) শেখ হাসিনা হলের সামনে অবস্থান নেন ৭৯ ব্যাচের আবাসিক শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক হারুন-উর-রশিদের আশ্বাসে শিক্ষার্থীরা হলে প্রবেশ করেন। এসময় অবস্থানকারী শিক্ষার্থীরা প্রভোস্ট বরাবর অনতিবিলম্বে সিট প্রদানের জন্যে দরখাস্ত জমা দেন।

দরখাস্তে শিক্ষার্থীরা বলেন, আমরা ২০২০ সাল থেকে শেখ হাসিনা হলের নবম এবং দশম তলায় প্রতি রুমে ১২জন করে অত্যন্ত মানবেতরভাবে অবস্থান করছি। ফ্লোরিংসহ বেড প্রতি দুই জন করে দীর্ঘদিন অবস্থান করছি। বার বার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও তৃতীয় লেভেলে এসেও আমরা আজও সিঙ্গেল সিট পাইনি। তৃতীয় লেভেলের অত্যধিক পড়াশোনা এখন অনেকটাই ক্ষতির সম্মুখীন। এমতাবস্থায় সার্বিক দুর্দশা বিবেচনা করে আগামী দুই কর্মদিবসের মধ্যে ৭৯ ব্যাচের সবাইকে সিঙ্গেল সিট দেওয়া অনুরোধ।

কৃষি অনুষদের শিক্ষার্থী মালিহা বলেন, আমরা গত ৩ বছর ধরে এক রুমে ১২ জন করে আছি। এ গরমে ৪ জনের রুমে ১২ করে থাকা অসম্ভব হয়ে পড়েছে। ঠিকমতো ঘুম পড়াশোনা কোনোটাই করতে পারি না।

তিনি আরও বলেন, আমাদের ব্যাচকে গণরূমে রেখে প্রশাসন নিচের ২ ব্যাচকে সিংগেল সিটে রেখেছে। আমদের প্রভোস্ট স্যারের পক্ষ থেকে বার বার আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন হয় নি।

শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. নাজমুন নাহার বলেন, আমি নতুন নির্মিত হলের প্রভোস্টের সাথে আগেই কথা বলেছি। আমরা জুন মাসের মধ্যে পাঠানোর চেষ্টা করছিলাম। এবং এটা শিক্ষার্থীরাও জানে, এর মধ্যেই ওরা অবস্থান নিয়েছে।

শেকৃবি প্রক্টর অধ্যাপক ড. হারুন-উর-রশিদ জাগো নিউজকে বলেন, আমি সরাসরি ওখানে উপস্থিত ছিলাম। আগামী সাত দিনের মধ্যে তাদের লিস্ট তৈরি করে সমস্যা সমাধানের আপ্রাণ চেষ্টা করবো। আমরাও চায় না কোনো শিক্ষার্থী কষ্টে থাকুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights