সিপিডির তথ্যকে ‘আজগুবি’ বললেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

গত ১৫ বছরে বাংলাদেশের ঋণ কেলেঙ্কারি ও অর্থলোপাটের ঘটনাগুলো নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির পর্যালোচনাকে ‘আজগুবি’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে নৌকার প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, ‘সিপিডিতে অনেক রাশান অর্থনীতিবিদ আছেন, যারা দেশের অর্থ লোপাট নিয়ে বাহবা পাওয়ার জন্য ঘরে বসে অংক কষে আজগুবি তথ্য দিচ্ছেন।’

মঙ্গলবার সকালে সিলেট নগরীর আম্বরখানায় নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে কথা বলেন।
এর আগে গত শনিবার সংবাদ সম্মেলন করে দেশের ঋণ কেলেঙ্কারির ঘটনাগুলো নিয়ে ১৫ বছরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর্যালোচনা তুলে ধরে সিপিডি।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটি বলেছে, ২০০৮ সাল পর্যন্ত ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার কোটি টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার কোটি টাকায়। এ সময়ে নানা অনিয়মের মাধ্যমে ২৪টি বড় ঋণ কেলেঙ্কারির ঘটনায় ৯২ হাজার ২৬১ কোটিরও বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে।

এ বিষয়ে ড. মোমেন বলেন, ‘ওরা (সিপিডি) একেক সময় একেক ধরণের গল্প বলে এবং ছড়ায়। দেশটাকে ধ্বংসের জন্য উনারা কিছু কাজ করেন। তবে তাদের কাছে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ হিসাব থাকলে সরকার সেটা গ্রহন করবে।’

সিপিডির প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, রাশিয়ার মতো বড় দেশের উনিশ টুকরো হয়ে যাওয়ার পেছনে তাদের অর্থনীতিবিদরা দায়ী।

গার্মেন্টস কর্মীদের ২৩ হাজার টাকা মজুরি দাবির প্রসঙ্গ এনে সিপিডির সমালোচনা করে বলেন, তাদের দাবি বাস্তবায়ন হলে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে।

নির্বাচনের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, ‘ভোটারদের নিরাপত্তা থাকবে শতভাগ। কোন ভয়-আতঙ্ক নেই। যারা ভোট বর্জনের কথা বলছে তাদের পরিমাণ নগন্য। তারা শুধু টেলিভিশনে আর মিডিয়াতে। আর কোথাও তারা নাই।’

বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কিছু লোক প্রপাগাণ্ডা ছড়াচ্ছে, কয়দিন পরপর প্রপাগাণ্ডা শোনেন। একেকটা কাহিনী কয়দিন পরে পরে বের হয়। এগুলো একেবারে ভুয়া। এসব নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights