সিপিবির সাবেক সভাপতি শহীদুল্লাহ চৌধুরী আর নেই

অনলাইন ডেস্ক

বর্ষীয়ান রাজনীতিবিদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি শ্রমিক নেতা শহীদুল্লাহ চৌধুরী আর নেই।

শুক্রবার দুপুরে রাজধানীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা শহীদুল্লাহ চৌধুরী স্বাধীনতা যুদ্ধ থেকে শ্রমিক আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে ছিলেন সংগ্রামী যোদ্ধা।

শহীদুল্লাহ চৌধুরী বেশ কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ২০২০ সাল থেকে তিনি পাটকল শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন।

পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতির দায়িত্বও পালন করেছেন অনেক দিন।

সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের পর ১৯৯৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত হয় সিপিবির বিশেষ জাতীয় সম্মেলন (বিশেষ কংগ্রেস)। এই কংগ্রেসে শহিদুল্লাহ চৌধুরীকে সভাপতি ও মুজাহিদুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। ১৯৯৯ সাল পর্যন্ত শহীদুল্লাহ চৌধুরী সিপিবির সভাপতির পদে দায়িত্ব পালন করেন।

১৯৬৪ সালে লতিফ বাওয়ানী জুট মিলে সাধারণ শ্রমিক হিসেবে যোগ দেন শহীদুল্লাহ চৌধুরী। তিনি দেশের বিভিন্ন গণ-আন্দোলনে শ্রমিক নেতা হিসেবে ভূমিকা রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights