সিরাজগঞ্জে কনকনে শীত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে একদিকে কনকনে শীত অন্যদিকে শৈত্য প্রবাহ বয়ে যাবার কারণে জেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে সিরাজগঞ্জের বাঘাবাড়ি আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলিসিয়াস রেকর্ড হয়েছে।

চলতি মৌসুমে সিরাজগঞ্জে এটি সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় সোমবার দুপুরের দিকে জেলার মোট ৩৮৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১৯২শটি মাদ্রাসা ও ১৬৭১টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, তীব্র শীতের কারনে যমুনা পাড়ের মানুষের জীবনযাত্রায় ছন্দ পতন ঘটেছে। দিনমজুর, রিক্সওয়ালা, কৃষক ও শ্রমিকদের স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। শীতের কারণে বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। টায়ার ও খড়কুটায় শীত নিবারনের জন্য চেষ্টা চালাচ্ছে অনেকে। ফুটপাতের কাপড়ের দোকানগুলোতে ভিড় বেড়েছে নিম্ন আয়ের মানুষের। শীতের কারণে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আফসার আলী জানান, ১০ ডিগ্রির নীচে তামপাত্রা নেমে যাওযায় সরকারি নির্দেশনা অনুযায়ী জেলার ৩৮৮টি মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক স্তরের ১৯২টি মাদ্রাসায় পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ ও আগামীকাল এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অপরদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম আব্দুর রহমান জানান, জেলার ১৬৭১টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাঘাবাড়ি প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়াও জেলার উপর দিয়ে শৈত প্রবাহ বয়ে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights