সিরাজগঞ্জে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে দাম্পত্য কলহের জেরে স্বামী তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে। বুধবার রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মরুটিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রুমানা খাতুন (২১) ওই গ্রামের আশরাফুল ইসলাম সোহাগের (২৮) স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আশরাফুল ইসলাম সোহাগকে আটক করেছে পুলিশ।

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, এক বছর তিন মাস আগে মরুটিয়া গ্রামের আফসার আলীর ছেলে আশরাফুল ইসলাম সোহাগের সঙ্গে উল্লাপাড়া উপজেলার সোনতলা নতুনপাড়ার মোতাহার হোসেনের মেয়ে রুমানা খাতুনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

এরই জেরে বুধবার রাতে নিজ ঘরে আশরাফুল ইসলাম সোহাগ স্ত্রী রুমানা খাতুনকে বুকে ও পিঠে ছুরিকাঘাত করে হত্যা করেন।

সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত আশরাফুল ইসলাম সোহাগকে নিজ এলাকা থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights