সিরাজগঞ্জে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত হলো রাজশাহী জেলার গোদাগাড়ী পৌর এলাকার বুজরুক শ্রীমান্তপুর মহল্লার জামাল হোসেনের ছেলে রমজান আলী (২৭) এবং একই মহল্লার ইউনুস আলীর ছেলে বানী ইসরাইল (৩২)। সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জেবুন্নেছা ওরফে জেবা রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২১ মে দুপুরে র‌্যাব-১২-এর সদস্যরা সলঙ্গা থানা এলাকায় সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় মাদক বিরোধী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী পরিবহনে তল্লাশি চালিয়ে রমজান আলী ও বানী ইসরায়েলের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেন। এ ঘটনায় র‌্যাব-১২-এর ডিএডি ইউসুফ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights