সিরাজদিখানে অবৈধভাবে কৃষিজমি ও পুকুর ভরাট বন্ধে অভিযান
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে কৃষিজমি ও জলাশয় ভরাটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই অভিযানে ভরাট কাজে ব্যবহৃত প্রায় ৮০০ মিটার পাইপ ধ্বংস করা হয়।
উপজেলার মালখানগর এলাকার ফুরসাইল মৌজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা, খান বাড়ি এলাকা এবং ছবিছন্দা সিনেমা হলের পেছনের তিনটি পৃথক স্থানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে অবৈধভাবে কৃষিজমি ও পুকুর ভরাটের কাজে ব্যবহৃত পাইপ বিনষ্ট করা হয়।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, অনুমতি ছাড়া কোনো ধরনের জলাশয় বা কৃষিজমি ভরাট করা সম্পূর্ণ বেআইনি। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেয় উপজেলা প্রশাসন।
