সিরি ‘এ’র বর্ষসেরা খেলোয়াড় কাভিচা

৩৩ বছর পর সিরি ‘এ’র শিরোপা জিতেছে নাপোলি। দলটির হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন উইঙ্গার কাভিচা কাভারাটখেলিয়া। এবারের সিরি ‘এ’ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

আজ রাতে মৌসুমের শেষ দিনে ঘরের মাঠে সাম্পদোরিয়াকে আতিথ্য দিবে চ্যাম্পিয়ন নাপোলি। এই ম্যাচের আগে কাভারাটখেলিয়ার হাতে বর্ষসেরার ট্রফি তুলে দেওয়া হবে। সেই সঙ্গে বর্ষসেরা কোচ হিসেবে নাপোলির লুসিয়ানো স্পালেত্তিও পুরস্কার গ্রহণ করবেন। ম্যাচ শেষে নাপোলির হাতে বহুল আকাঙ্খিত লিগ শিরোপা ট্রফিও হস্তান্তর করা হবে। পাঁচ ম্যাচ হাতে রেখেই এবারের আসরে শিরোপা নিশ্চিত করেছিল নাপোলি।

জর্জিয়ান ক্লাব ডিনামো বাটুমি থেকে ১০ মিলিয়ন ইউরোতে এই মৌসুমে নাপোলিতে যোগ দেওয়ার সময় কাভারাটখেলিয়া খুব একটা পরিচিত মুখ ছিলেন না। কিন্তু নাপোলির শিরোপা জয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন ২২ বছর বয়সী এই জর্জিয়ান ফরোয়ার্ড। এমনকি কেউ কেউ নাপোলি লিজেন্ড দিয়েগো ম্যারাডোনার নামে তার ডাকনাম দিয়েছে ‘কাভারাডোনা’। ম্যারাডোনার নেতৃত্বে ক্লাব ইতিহাসে আগের দুটি লিগ শিরোপা জয় করেছিল নাপোলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights