সিলেটে সড়কে প্রাণ গেল স্কুল শিক্ষকের
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট মহানগরীতে সড়ক পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মিরের ময়দান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুরাদ আহমেদ (৫৯) মহানগরীর মাছিমপুর এলাকার মৃত নুরুদ্দীনের ছেলে ও দি এইডেড হাইস্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক। তিনি বর্তমানে কেওয়াপাড়া এলাকার ইসমাইল টাওয়ারের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ জানায়, মিরের ময়দানস্থ বাংলাদেশ বেতার সিলেট কার্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শিক্ষক মুরাদ আহমেদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার ওসি খান মো. মাঈনুল জাকির বলেন, শিক্ষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।
