সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

সিলেট ব্যুরো

সিলেটে গত ২ দিনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৭ জন, মিছিল দেওয়ার অভিযোগে জকিগঞ্জ থেকে ১ জন ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে নগরী থেকে একজনকে আটক করা হয়েছে।

শনিবার ও আগের দিন শুক্রবার তাদেরকে আটক করা হয়।

জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ওসমানীনগরের কাশিকাপন তেরমাইল এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ঘটনাস্থল থেকে আলামতসহ ৩ জনকে আটক করে পুলিশ। ওই ঘটনায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আরও ৪ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সুফিয়ান আহমদ (২৬), মো. রুহেল আরমান (২৬), মো. রমজান হোসেন (২৬), মো. তোফাজ্জল হোসেন (২৫), সাব্বির আহমেদ বিপ্লব (২৬), নাহিদ হাসান (২১) এবং হৃদয় পাল (২০)।

এদিকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে সিলেট মহানগরীর নোয়াগাঁও সাদিপুর এলাকা থেকে মেহেদী আহমেদ (২১) নামের একজন গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী। তার বিরুদ্ধে ছাত্রলীগের মিছিল করাসহ একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটুক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে মেহেদিকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টার দিকে সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার বসনপুর গ্রামের খালেদ আহমদ (২৬) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে জকিগঞ্জ থানায়। গ্রেফতার খালেদ জকিগঞ্জ পৌর এলাকার বসনপুর গ্রামের খসরুজ্জামানের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights