সিলেট কূপ-১০ : ২ মাসের মধ্যে বাণিজ্যিক তেল উৎপাদনের বিষয়ে জানা যাবে
জিন্নাতুন নূর, সিলেট থেকে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সিলেট কূপ-১০ থেকে বাণিজ্যিকভাবে তেল উৎপাদনের বিষয়ে আমরা আশাবাদী। যাচাই-বাছাই করা হচ্ছে দুই মাসের মধ্যে জানা যাবে।
আজ শনিবার সিলেট-১০ কূপ এলাকা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
এর আগে অনুসন্ধান কূপ কৈলাশটিলা-৮ খনন প্রকল্প পরিদর্শন, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের প্রধান কার্যালয় পরিদর্শন, বঙ্গবন্ধু কর্ণার ও প্রিপেইড মিটার প্রকল্পের ডাটা সেন্টার উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী তিন দিনের সফরে সিলেট অঞ্চলে থাকছেন, কয়েকটি গ্যাস ফিল্ড ও প্রসেস প্লান্ট পরিদর্শন, মডেল পেট্রোল পাম্প উদ্বোধন, পাইপলাইনে গ্যাস সরবরাহ উদ্বোধনসহ একগুচ্ছ কর্মসূচি থাকছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, কূপের ভেতরে এবং মুখে প্রেসার খুব ভালো। যে প্রেসারে তেল পাওয়া যাচ্ছে তাতে আমরা আশাবাদী। এখানে গ্যাসের চাপ বেশি হওয়ায় আরও দুটি কূপ খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে গ্যাসের উৎপাদন সক্ষমতাও বাড়বে।
তিনি বলেন, সাবমেরিন কেবলের মাধ্যমে আমরা দ্বীপে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এখন গ্রামীণ অর্থনীতিতে গতির সঞ্চার করেছে। অর্থনীতির গতি ধরে রাখার জন্য জ্বালানি নিশ্চিত করতে হবে। বসে থাকার সময় নেই, সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি ভালো করছে, পুরস্কার পাওয়ার যোগ্য।
প্রতিমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, আমাদের সঙ্গে পরীক্ষিত বিশেষজ্ঞ রয়েছে। এখন প্রযুক্তিগত সাপোর্ট রয়েছে। আর যারা সমালোচনা করেন, তারা অনেকেই এ সম্পর্কে ভালো ধারণা রাখেন না।
