‘সীমান্তের নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণেও কাজ করছে বিজিবি’

দিনাজপুর প্রতিনিধি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু দেশের সীমান্ত পাহারা নয়, চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনেও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

শনিবার সকালে দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুর সেক্টরের তত্ত্বাবধানে এবং ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্নেল ফয়সল হাসান খান বলেন, দেশের যেকোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক বিপর্যয়ে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। বিজিবি মহাপরিচালকের মূলনীতি—‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—বাস্তবায়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এতে সীমান্তবাসীর দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হবে।

কর্মসূচিতে সীমান্তবর্তী এলাকার প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত সিনিয়র মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এস এম মাহদী জামান, সহকারী পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল-মামুন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী প্রমুখ।

বিজিবি জানায়, সীমান্তবর্তী জনপদের মানুষের জীবনমান উন্নয়নে তারা নিয়মিত ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ এবং শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় দুস্থ, হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য এ চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights