সুদানে মার্কিন কূটনৈতিক বহরে গুলি
অনলাইন ডেস্ক
ক্ষমতা দখলে নিতে সুদানের সেনাবাহিনী ও শক্তিশালী আধা সামরিক বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। সেখানে মার্কিন একটি কূটনৈতিক বহরেও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। সোমবারের ওই ঘটনায় কেউ আহত হয়নি বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
জাপানে জি৭ সংলাপের পর সাংবাদিকদের তিনি বলেন, এটি অপরিণামদর্শী কাজ, দায়িত্বজ্ঞানহীন ও অবশ্যই অনিরাপদ।
চলমান নিরাপত্তা উদ্বেগ ও খার্তুমের বিমানবন্দর বন্ধ থাকা সত্ত্বেও মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়ার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি। দেশটিতে অবস্থানরত আমেরিকানদের ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে’ পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন তিনি।
সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর সংঘাতে গত কয়েকদিন ধরে আফ্রিকার দেশটিতে চরম পরিস্থিতি বিরাজ করছে।
এর আগে শোনা গিয়েছিল, খার্তুমের বাসায় হামলার শিকার হয়েছেন সুদানে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর আইদান ও’হারা।
জাতিসংঘের বরাতে জানা গেছে, তিন দিনের হামলা-পাল্টা হামলায় সুদানে দুই শতাধিক নিহত হয়েছে, আহত হয়েছে দুই হাজারের বেশি মানুষ। রাজধানীতে বিমান হামলা, গোলাবর্ষণ ও ভারি-ছোট অস্ত্রের ব্যবহার ঘটছে।
সেনাবাহিনী ও বিরোধী আধাসামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দুইপক্ষই খার্তুমের প্রধান স্থাপনাগুলো নিয়ন্ত্রণের দাবি করছে। সূত্র: বিবিসি, ফ্রান্স২৪, ওয়েস্টার্ন মাস নিউজ
