সু চির সাজার মেয়াদ আবারও কমাল জান্তা সরকার

অনলাইন ডেস্ক

মিয়ানমারের সামরিক জান্তা সরকার কারাবন্দি সাবেক নেত্রী অং সান সু চির সাজা আবারও কমিয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন সু চির আইনি দলের একজন সদস্য।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সাবেক প্রধানমন্ত্রীর মোট কারাদণ্ড আরও এক-ষষ্ঠাংশ কমানো হয়েছে। এটি গত দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার সাজা কমানোর ঘটনা। সরকারের একটি সাধারণ ক্ষমার অংশ হিসেবে সব বন্দিদের সাজা কমানো হয়েছে বলে জানা গেছে।

২০২১ সালের সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আটক রয়েছেন অং সান সু চি। বিভিন্ন অপরাধে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তার। যা ধাপে ধাপে কমানো হচ্ছে। এরপরও এই নোবেল বিজয়ীকে এখনো আরও ১৮ বছরের কিছু বেশি সময় সাজা ভোগ করতে হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আইনি দলের এক সদস্য।

তবে বর্তমানে তার সঠিক অবস্থান বা স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। অং সান সু চিকে একটি অজ্ঞাত স্থানে বন্দি করে রাখা হয়েছে এবং তার আইনি দল বা পরিবারের কাউকে এখনো তার সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দেয়নি সরকার। সূত্র: এবিসি নিউজ, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights