সেই বিতর্কিত টুইট নিয়ে মুখ খুললেন গোবিন্দ

অনলাইন ডেস্ক

বিতর্কিত টুইট করে বিপাকে পড়লেন অভিনেতা গোবিন্দ। সম্প্রতি, উত্তর ভারতের একটি ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয়। এমতাবস্থায় নিজের টুইটার অ্যাকাউন্টে ধর্মীয় সহিংসতাকে কেন্দ্র করে তার একটি টুইট অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করে। সেখানে জনতার বিক্ষোভের ছবি দেখা গেছে (ওই ছবি এবং টুইটের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি)।

টুইটের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিংয়ের শিকার হন অভিনেতা। অনুরাগীদের মধ্যে অনেকেই দাবি করেন, অভিনেতার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এই প্রসঙ্গে বুধবার পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি গোবিন্দ।

কিন্তু বৃহস্পতিবার অভিনেতা মুখলেন বিতর্কিত সেই টুইট নিয়ে। অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তার টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। সে কারণেই এই বিপত্তি ঘটেছে। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে গোবিন্দ লেখেন, “একটু আগে খবরটা পেলাম। আমার টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। তাই হরিয়ানার ঘটনাকে কেন্দ্র করে কোনও টুইটে আমার নাম জড়াবেন না।”
ভিডিওতে তিনি বলেন,“এই টুইটের সঙ্গে আমার নাম জড়াবেন না। কারণ টুইটটা আমি পোস্ট করিনি। পুলিশের সাইবার সেলে আমি অভিযোগ করেছি। দেখছি কী করা যায়।”

আপাতত বিতর্ক থেকে দূরে থাকতে নিজের টুইটার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দিয়েছেন গোবিন্দ। অনুরাগীদের জন্য তার বার্তা, “আপনারা জানেন আমি এ রকম কোনও পোস্ট করিনি। আমার টিমের সদস্যরাও এ রকম কিছু করেনি বলে জানিয়েছে। তাছাড়া আমি তো দীর্ঘ দিন টুইটার ব্যবহার করি না।”

তা হলে এ রকম কাণ্ড ঘটল কেন? ওই ভিডিওতে এরও জবাব দিয়েছেন ‘হিরো নাম্বার ওয়ান’। তার অনুমান, “সামনে নির্বাচন আসছে। আমার মনে হয় কেউ হয়তো ভেবেছেন আমি কোনও দলের হয়ে নির্বাচনে লড়ব। তাই হয়তো এই কাণ্ড ঘটিয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights