সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সারবানন্দ ইউনিয়নের পশ্চিম বাছোহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার শহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে শিহাব মিয়া (১৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে শহিদুল ইসলাম ও তার ছেলে শিহাব বাড়ির পাশে নিজেদের সেচপাম্প দিয়ে পুকুরের পানি ধানের জমিতে দেওয়ার জন্য যান। পাম্প চালু করার সময় হঠাৎ বৈদ্যুতিক তারে শিহাব মিয়া জড়িয়ে পড়ে। পরে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবাও বিদ্যুৎ তারে জড়িয়ে পুকুরের পানিতে পড়ে যান। এ সময় বাবা-ছেলে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার প্রায় আধা ঘণ্টা পর শহিদুল ইসলামের স্ত্রী চায়না বেগম ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসেন। তারা প্রথমে শিহাবের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। কিছুক্ষণ পর শহিদুল ইসলামের খোঁজে গ্রামবাসী পুনরায় ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, বাবা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights