সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, গুঁড়িয়ে দেওয়া হলো পাঁচ কারখানা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত চারটি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। একই সঙ্গে এক্সক্যাভেটর দিয়ে কারখানাগুলোর স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সোনাখালী, মল্লিপাড়া, পিরোজপুর ও প্রতাবনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত প্রায় ৩৫০ ফুট পাইপ ও বার্নার জব্দ করে ধ্বংস করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা।

তিতাস গ্যাসের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় চুনা ও ঢালাই কারখানা পরিচালনা করছিল। এতে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চারটি চুনা কারখানার আটটি ভাট্টি এবং একটি ঢালাই কারখানার দুটি ভাট্টির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে এক্সক্যাভেটরের মাধ্যমে অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়।

সুরজিত কুমার সাহা আরও বলেন, অবৈধ গ্যাস ব্যবহার রোধ এবং সরকারি রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে তিতাস গ্যাসের প্রকৌশলী তৌফিকুর রহমান ও জহুরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এসব কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। প্রশাসনের অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights