সোনারগাঁয়ে অস্ত্র-মাদক উদ্ধার, গ্রেফতার ৭

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের পাঁচানি খাশেরগাঁও এবং ছোট কোরবানপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় খাশেরগাঁও গ্রাম থেকে এক নারী-সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে অংশগ্রহণকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন, আব্দুস সালামের ছেলে সাকিব (২৫) আশরাফুলের ছেলে সোহেল (৩৫), আব্দুর রাজ্জাকের ছেলে রাশেদ (৩০), ফিরোজ মিয়ার ছেলে ফখরুদ্দিন (৪০), সোলাইমানের ছেলে জিসান (২০), লোকমান (২৪), ও রাসেল মিয়ার স্ত্রী শান্তা আক্তার।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাতে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ সাতজনকে আটক করে সোনারগাঁ থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে এলাকাবাসী যৌথ বাহিনীর বিরুদ্ধে অভিযানের নামে বাড়িঘরে লুটপাট চালানো হয়েছে বলে দুপুরে খাশেরগাঁও বালুর মাঠে বিক্ষোভ মিছিল করেছে।

জানা গেছে, উপজেলার খাসেরগাঁও এলাকার রাসেল মিয়া ও ছোট কোরবানপুর গ্রামের আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার দফায় দফায় সংঘর্ষ হয়। ইতোমধ্যে তাদের দু’গ্রুপের সংঘর্ষকালে প্রকাশ্যে দিবালোকে গুলি বর্ষনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ফতুল্লা থানার মুজা মিয়ার ছেলে মো: জিয়া (২৫) ওরফে শুটার জিয়াকে গত ৩১ জানুয়ারি বুধবার গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা।

এবিষয়ে সেনাবাহিনীর মেজর সাজ্জাদ হোসেন ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকায় দেশিয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে আসছে এমন অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার ভোর রাতে যৌথবাহিনি অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৭ জনকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযানের নামে লুটপাটের ঘটনার কথা জানতে চাইলে ওসি মহিবুল্লাহ বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা, তারা নিজেরাই নিজেদের বাড়িঘরের আসবাবপত্র এলোমেলো করে লুটপাট হয়েছে বলে নাটক সাজিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights