বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে: জোনায়েদ সাকী

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রতিশোধের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য গড়ে তোলার মধ্যে দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী। তিনি বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাওলাগঞ্জ বাজার মাঠে নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকী বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়ের বাংলাদেশ পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। গণতান্ত্রিক আন্দোলন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। আগামীতে প্রতিহিংতার রাজনীতি প্রতিহার করে ন্যায় ও বৈষম্যভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে।

রাষ্ট্রব্যবস্থা সংস্কার ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে বাঞ্ছারামপুরের উন্নয়নে রাস্তাঘাট সংস্কার, গ্যাস সরবরাহ, জলাবদ্ধতা নিরসন, মেঘনা সেতু নির্মাণ, বেড়িবাঁধ ও শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন জোনায়েদ সাকী।

এছাড়াও কৃষক, শ্রমিক, ইমাম, পুরোহিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত, কৃষি কার্ড ও আর্থিক সহায়তা কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এমএ খালেক, জিয়াউদ্দিন জিয়া, রফিক শিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ভিপি একেএম মূসা, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাঈদ, সাধারণ সম্পাদক সালে মূসাসহ অঙ্গ ‍ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights