সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের
অনলাইন ডেস্ক
সৌদি আরবের জিজান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।
এর আগে শুক্রবার ইয়েমেনের হোদেইদা বন্দরনগরী ও কাছাকাছি কামারান দ্বীপে হুথি-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় সৌদি আরব। এর জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুথিরা।
শনিবার ভোরে হুথিরা আনসারুল্লাহ মিডিয়া টেলিগ্রামে দাবি করে, তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র সৌদি আরবের জিজান শহরে আঘাত হেনেছে এবং এতে কয়েকটি স্থানে আগুন লেগেছে। হামলার পর জিজান প্রদেশে জরুরি সতর্কতা জারি করে সৌদি কর্তৃপক্ষ। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে শুক্রবার সৌদি আরব ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী হোদেইদা এবং নিকটবর্তী কামারান দ্বীপে হুথি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়। ওই হামলাকে ‘বিপজ্জনক উসকানি’ আখ্যা দিয়ে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল হুথি গোষ্ঠী।
শনিবার হামলার পর টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আনসারুল্লাহ মিডিয়া জানায়, “হোদেইদা ও কামারান দ্বীপে বেসামরিক স্থাপনায় সৌদি আগ্রাসন অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে। সাম্প্রতিক এসব অপরাধের জবাব অবশ্যই দেওয়া হবে।”
অন্যদিকে, সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। সূত্র: বিবিসি
