সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুরে তুষারের বাড়িতে চলছে শোক

চাঁদপুর প্রতিনিধি

সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মধ্যে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার তুষার মজুমদারও রয়েছে। তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। বুধবার রাতে তুষারের মৃত্যুর খবর জানতে পারে তার মা-বাবাসহ স্বজনরা।

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের সাইনবোর্ড এলাকার ঘিলাতলী গ্রামের মজুমদার বাড়ির দিনমজুর মনির হোসেন মজুমদারের ছেলে তুষার মজুমদার। তারা দুই ভাই এক বোন। ভাই-বোনের মধ্যে তুষার সবার বড়। পরিবারের হাল ধরতে প্রায় ১১ মাস আগে তুষার সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি আবা নামক স্থানে সুপারশপে চাকরি করতেন।

তুষারের বাবা মনির হোসেন ও স্বজনরা জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে স্বজন ও এনজিও থেকে প্রায় ৫ লাখ টাকা ধার-দেনা করে ছেলেকে বিদেশ পাঠান। গত ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ ২০ হাজার টাকা পাঠিয়েছিল। এমন সময় সড়ক দুর্ঘটনায় মারা গেল তুষার। এতে তাদের পরিবারে অন্ধকার নেমে এসেছে। সরকারের কাছে তাদের দাবি, তুষারের লাশটা যেন দেশে আনা হয়। ধার-দেনার টাকা পরিশোধ করতে সরকারের কাছে সাহায্যের আবেদন জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights