স্ক্যান্ডিনেভিয়ায় শক্তিশালী ঝড়ের তাণ্ডব, সুইডেনে নিহত ৩

অনলাইন ডেস্ক

স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে শক্তিশালী ঝড়ের আঘাতে সুইডেনে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। শনিবার রাতভর চলা এই তাণ্ডবের পর রবিবার পর্যন্ত দেশটিতে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

সুইডেনে এই ঝড়ের নাম দেওয়া হয়েছে ‘জোহানেস’। ঝড়টি দেশটির উত্তরাঞ্চল এবং ফিনল্যান্ডের পশ্চিমাঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে।

পুলিশ জানায়, শনিবার সুইডেনের হোফোরস এলাকায় বনে কাজ করার সময় গাছ পড়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হন। রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পুলিশের দেওয়া তথ্যমতে, মধ্য সুইডেনের কুংসবার্গেট স্কি রিসোর্টের কাছে গাছ পড়ে ৫০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। এ ছাড়া দেশটির উত্তরাঞ্চলে বিদ্যুৎ সেবা দানকারী প্রতিষ্ঠান ‘হেমাব’-এর এক কর্মী কাজ করার সময় গাছ পড়ে প্রাণ হারান বলে জানিয়েছে ব্রডকাস্টার এসভিটি।

বিদ্যুৎহীন হাজারো ঘরবাড়ি শক্তিশালী ঝড়ে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ফিনল্যান্ড ও সুইডেনে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।

ফিনল্যান্ডে ঝড়ের সর্বোচ্চ দাপটের সময় প্রায় ১ লাখ ৮০ হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। রোববার স্থানীয় সময় দুপুর পর্যন্ত প্রায় ৮৫ হাজার পরিবার এখনো অন্ধকারের মধ্যে রয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, সংযোগ মেরামত করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।

এদিকে সুইডিশ সংবাদ সংস্থা টিটি জানিয়েছে, দেশটিতে রবিবার সকাল পর্যন্ত অন্তত ৪০ হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন অবস্থায় ছিল। ঝড়ের কারণে বিপর্যস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights