স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়ে বিশ্বকাপে এসেছিল সেনেগাল

অনলাইন ডেস্ক
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর আত্মসমালোচনায় নেমেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। সেই পর্যালোচনায় উঠে এসেছে বিস্ময়কর এক তথ্য। ফেডারেশনের সভাপতি আবদুলায়ে ফল দাবি করেছেন, জাতীয় দলের প্রধান চিকিৎসক মূলত স্ত্রীরোগ ও প্রসূতিরোগ (গাইনোকোলজি) বিশেষজ্ঞ ছিলেন। এতে বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়দের চিকিৎসাসেবা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।

সোমবার সংবাদ সম্মেলনে আবদুলায়ে ফল বলেন, বিশ্বকাপ চলাকালে তারা জানতে পারেন, দলের প্রধান চিকিৎসকের বিশেষায়িত প্রশিক্ষণ খেলোয়াড়দের প্রয়োজনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে অনেক ফুটবলার তার চিকিৎসা সহায়তা নিয়ে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে।

তিনি আরও জানায়, ‘খেলোয়াড়দের কাছ থেকে পাওয়া মতামত অনুযায়ী, তারা মনে করেননি যে তিনি তাদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দিতে পারবেন। তাই তাদের আশ্বস্ত করতে আমাদের অতিরিক্ত চিকিৎসকের সহায়তা নিতে হয়েছে। কারণ স্বাস্থ্যই সবার আগে।’

তবে এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে সেনেগাল স্পোর্টস মেডিসিন অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে তারা অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন ও মানহানিকর’ বলে উল্লেখ করেছে।সংস্থাটির দাবি, জাতীয় দলের চিকিৎসক আবদেরাহমানে ফেদিওরে কেবল গাইনোকোলজিস্ট নন, তিনি শেইখ আন্তা দিয়প বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অনুষদ থেকে স্পোর্টস মেডিসিন ও স্পোর্টস বায়োলজিতে বিশেষায়িত ডিপ্লোমাও অর্জন করেছেন।

এ ছাড়া তিনি ফান হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের প্রধান ছিলেন এবং ২০১৭ সাল থেকে সেনেগাল জাতীয় দলের চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সময়ে তিনি তিনটি বিশ্বকাপ ও পাঁচটি আফ্রিকা কাপ অব নেশনসে দলের সঙ্গে ছিলেন।

এদিকে বিশ্বকাপে ব্যর্থতার জেরে শনিবার প্রধান কোচ পাপে বুনা থিয়াওকে বরখাস্ত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন।

আফ্রিকা কাপ অব নেশনসের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ধরা হলেও হতাশ করেছে সেনেগাল। গ্রুপ পর্বে ফ্রান্স ও নরওয়ের কাছে হারের পর শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পাঁচ মিনিটে সমতা এনে দেয় প্রতিপক্ষ। পরে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় সেনেগাল।

সূত্র : রয়র্টাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights