ফেভারিট তকমায় ‘কিছু যায় আসে না’ স্পেনের

অনলাইন ডেস্ক

মাঠের লড়াইয়ে নামার আগে দিদিয়ে দেশোঁর শুরু করা মনস্তাত্ত্বিক খেলায় যোগই দিলেন না লুইস দে লা ফুয়েন্তে। স্পেনকে ফেভারিট বলে দেশোঁ বলেছেন, সেমি-ফাইনালে বাড়তি চাপে থাকবে স্প্যানিশরাই। তবে ফরাসি কোচের সেই চালকে উড়িয়ে দিয়ে স্পেনের কোচ দে লা ফুয়েন্তে সাফ জানিয়ে দিয়েছেন, ফেভারিট তকমায় তার দলের কিছু যায় আসে না।

এবারের বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচগুলোর একটিতে ১৫ জুলাই ফ্রান্সের মুখোমুখি হচ্ছে স্পেন। ডালাসে বাংলাদেশ সময় ১টায় (এএম) শুরু হবে উত্তর আমেরিকা আসরের প্রথম সেমি-ফাইনাল।

শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবে এবারের বিশ্বকাপে খেলছে ফ্রান্স। নিজেদের দাপুটে পারফরম্যান্সে সেটাকে আরও প্রতিষ্ঠা করেছে তারা। স্পেনও আসরের ফেভারিটদের একটি। শুরুর বিবর্ণতা পেছনে ফেলে ছন্দ খুঁজে পেয়েছে তারাও। এই দুই দলের লড়াইকে ‘ফাইনালের আগে ফাইনাল’ মনে করছেন অনেকেই।

বিশ্বকাপে যখন স্পেন ও ফ্রান্সের সেমি-ফাইনালে খেলাই নিশ্চিত হয়নি, তখন থেকেই চলছে কথার লড়াই। মহারণের আগে একটু ভিন্ন পথে হাঁটতে চাইলেন দেশোঁ। স্পেনকে ফেভারিটের তকমা দিয়ে নিজেদের ওপর থাকা চাপ যেন কিছুটা সরানোর চেষ্টা করলেন তিনি। সঙ্গে স্পেনের কাঁধে দিতে চাইলেন বাড়তি চাপ।

কিন্তু সেই ফাঁদে পা দিলেন না দে লা ফুয়েন্তে। তার মতে, ফেভারিটের পুরো বিষয়টিই অপ্রাসঙ্গিক।

তিনি বলেন, ‘শুরু থেকেই আমি বলে আসছি, লোকে আপনাকে ফেভারিট বলছে কি বলছে না, তাতে কিছু যায় আসে না। আসরের অন্য সেমি-ফাইনালের মতো, আমরাও দুটি দুর্দান্ত দল মুখোমুখি হচ্ছি। আমি বুঝতে পারছি না, তারা কেন এসব কথা বলছে। আমি পরিবেশটা একটু হালকা করার চেষ্টা করছি। আমার মনে আছে হোয়াকিন কাপাররস বলেছিলেন, ‘আপনার কি মনে হয় তারা (প্রতিপক্ষ) আদৌ মাঠে নামবে?’ এই ‘ফেভারিট বা ফেভারিট নয়’- গোটা ব‍্যাপারটাই সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।’

ফ্রান্সের বিপক্ষে সবশেষ দুই দেখায়ই জিতেছে স্পেন। দুটিই সেমি-ফাইনাল: ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পথে শেষ চারে ফরাসিদের ২-১ গোলে হারিয়েছিল স্প্যানিশরা। আর গত বছর উয়েফা নেশন্স লিগে ফাইনালে ওঠার ম্যাচে ৯ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ৫-৪ ব্যবধানে জিতেছিল দে লা ফুয়েন্তের দল। যদিও পরে ফাইনালে পর্তুগালের বিপক্ষে হেরে যায় তারা।

ওই ম্যাচগুলো থেকে আত্মবিশ্বাস পাওয়ার কথা বলেছেন স্পেনের কোচ। তবে সেসব যে অতীত সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। সঙ্গে এখনকার ফ্রান্স দল নিয়ে সতর্ক থাকার কথা আরও একবার বললেন ইউরো জয়ী এই কোচ। তিনি বলেন,‘সেগুলো আসলে ভিন্ন ম্যাচ। সেখান থেকে আমরা অনেক কিছু শিখেছি, যেমনটা তারাও নিশ্চয়ই শিখেছে। তারা নিজেদের মতো করে ভেবেছে, সিদ্ধান্ত নিয়েছে। আমরা ওইসব মুহূর্তগুলো পুনরাবৃত্তি করতে চাই যেগুলো আমাদের পক্ষে গিয়েছিল, যেগুলো যায়নি সেগুলো পরিহার করতে চাই। বিশেষ করে, ম্যাচের শেষ ১৫ মিনিট, যখন ৫-১ থেকে ব্যবধান ৫-৪ এ নেমে এসেছিল। এরপর দেখা যাবে, কারা মাঠে নিয়ন্ত্রণ নিতে পারে। দুই দলের খেলার ধরন সম্পূর্ণ বিপরীত। তাদের দ্রুত আক্রমণে ওঠা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ সেগুলো খুবই বিপজ্জনক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights