স্ত্রীসহ সাবেক এমপি মোস্তাফিজুরের বিরুদ্ধে দুর্নীতির মামলা

অনলাইন ডেস্ক

ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম-১৬ আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার মামলা দুটি দায়ের করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর ২১টি ব্যাংক হিসাবে ১৮ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৫৮০ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায়।

অন্যদিকে, তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর নামে ৬টি ব্যাংক হিসাবে তিন কোটি ১৩ লাখ ৭৮ হাজার টাকার লেনদেনের তথ্য রয়েছে। এছাড়া, মোস্তাফিজুর রহমানের নামে ৯৮ লাখ ৬৭ হাজার ৯৯২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে।

তিনি জানান, মোস্তাফিজুর রহমান চৌধুরীর স্ত্রী শাহীন আক্তার চৌধুরী গৃহিণী হওয়া সত্ত্বেও তার স্বামীর অবৈধ সম্পদকে বৈধ করার অপপ্রয়াসে নিজেকে ব্যবসায়ী হিসেবে দেখানোর চেষ্টা করেছে। যার অংশ হিসাবে আয়কর নথিতে প্রদর্শিত করে তার স্বামীর অবৈধ উপায়ে অর্জিত তিন কোটি ১৩ লাখ ৭৮ হাজার ৮৯ টাকার তথ্য গোপন করে স্থানান্তর, হস্তান্তর বা রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights