স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের পীরগাছা উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। এছাড়া পাঁচ লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত রফিকুল ইসলাম অপু (৩৪) আদালতে উপস্থিত ছিলেন। মামলায় ছয়জনকে আসামি করা হলেও অন্যদের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার ধীরগঞ্জহাট রহমতপুর গ্রামের আজিম উদ্দিনের মেয়ে সাগরী বেগমের (২১) সঙ্গে রংপুরের পীরগাছা উপজেলার কান্দি কাবিলাপাড়া গ্রামের ওয়াহেদ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম অপুর বিয়ে হয়। এ সময় আজিম উদ্দিন মেয়ের সুখের জন্য যৌতুক হিসেবে এক লাখ ১৫ হাজার টাকা দেন। কিন্তু বিয়ের কিছুদিন পর রফিকুল আরও এক লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রী সাগরীকে চাপ দিতে থাকেন। সাগরী এতে রাজি না হলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এছাড়া রফিকুল ইসলাম অপুর সঙ্গে তার ভাবির পরকীয়া সম্পর্ক হাতেনাতে ধরে ফেলেন সাগরী।

এ ঘটনায় সাগরীকে একবার হত্যার চেষ্টা করা হয়। পরে ঘটনার দিন ২০১৭ সালের ২৯ ডিসেম্বর রাতের কোনো এক সময় সাগরীকে হত্যা করা হয়। এ ঘটনায় সাগরীর বাবা আজিম উদ্দিন বাদী হয়ে রফিকুল ইসলাম অপু এবং তার মা-বাবা ও ভাই-ভাবিসহ ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। প্রায় পাঁচ বছর মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর মঙ্গলবার এর রায় ঘোষণা করা হয়।
সরকারপক্ষের আইনজীবী (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামীর পরকীয়া ও যৌতুকের বলি হয়েছেন সাগরী বেগম। আমরা এ রায়ে সন্তুষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights