স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া জিম্মিদের মুক্তি দেবে না হামাস

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর না হলে ইসরায়েলের সঙ্গে কোনও ধরনের বন্দি বিনিময়ের চুক্তিতে যাবে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল-হাইয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস তিনটি শর্ত দিয়েছে। শর্তগুলো হচ্ছে- প্রথমত, গাজা অঞ্চলের বাসিন্দার সব রকমের সহায়তা নিশ্চিতে ইসরায়েলি বাধার অবসান এবং বাসিন্দাদের স্বাভাবিক জীবন নিশ্চিত করা। দ্বিতীয়ত, ইসরায়েলি বাহিনীর হামলা পুরোপুরি বন্ধ করা এবং তৃতীয়ত, তেল আবিবের কারাগারে আটক থাকা প্রায় ১০ হাজার বন্দি ফিলিস্তিনির মুক্তি নিশ্চিত করা। কেবলমাত্র এসকল বিষয়ে একমত হলেই জিম্মি বিনিময় চুক্তিতে মত দেওয়ার কথা জানিয়েছেন হামাসের ওই নেতা।

তবে এসকল প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

হামাসের ওই নেতা বলেছেন, ইসরায়েল গাজা থেকে তাদের সৈন্য প্রত্যাহারের বিষয়ে অস্বিকৃতি জানিয়েছে এবং তারা কারাবন্দি ফিলিস্তিনিদের তাদের বাড়িতে ফিরতে দিতে নারাজ।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি হামাসের এই প্রস্তাবকে বিভ্রান্তিকর প্রস্তাব বলে আখ্যা দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ফিলিস্তিনি এক সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি গাজায় ১৩৫ দিন ধরে চলা যুদ্ধের স্থায়ী সমাধানের লক্ষ্যে তিন ধাপের একটি পরিকল্পনা প্রস্তাব করে হামাস। যার মধ্যে জিম্মিদের মুক্তির বিষয়টিও রয়েছে। তবে হামাসের এ প্রস্তাব নাকচ করে দিয়েছে ইসরায়েল। সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights