হত্যা মামলায় গ্রেফতার সাবেক সিনিয়র সচিব জিয়াউল

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর কাফরুল থানা এলাকায় রুস্তমকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

জিয়াউল আলম তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক কামরুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর কাইয়ূম হোসেন নয়ন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৫ মার্চ চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত বছরের ১৯ জুলাই কাফরুল থানাধীন মিরপুর-১০ গোলচত্বর বেগম রোকেয়া সরণি শাহআলী প্লাজা মার্কেটের পশ্চিম পাশে বাটা শো-রুমের সামনে আন্দোলনে অংশ নেন ভিকটিম মো. রুস্তম। ঘটনার দিন বিকেলে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রুস্তমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৩০ মে কাফরুল থানায় একটি হত্যা মামলাটি দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights