হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক

বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকায় আরিফ জমাদ্দার নামে এক মুদি দোকানিকে হত্যার মূল পরিকল্পনাকারী আবুল কাশেম ফরাজীকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার ভোরে রাজধানী কোতোয়ালি থানাধীন সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১০ এর একটি দল।

র‌্যাব-১০ এর উপ-পরিচালক (অপস) আমিনুল ইসলাম গণমাধ্যমে জানান, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানাধীন চর ডাইয়া এলাকায় বসবাসকারী মুদি দোকানি আরিফ জমাদ্দারের (৩৫) সঙ্গে আবুল কাশেম ফরাজীর দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে আবুল কাশেমসহ ১৬-১৭ জন মিলে আরিফকে হত্যার পরিকল্পনা করে। গতকাল দুপুর ২টায় আরিফ দুপুরে খাবার খেয়ে দোকানে বসেন। এ সময় আবুল কাশেম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আরিফের ওপর আক্রমণ করে। প্রথমে আবুল কাশেম তার হাতে থাকা দা দিয়ে আরিফের মাথায় একাধিক কোপ দেয়। পরবর্তীতে তার অন্যান্য সহযোগীরা তাদের কাছে থাকা দা দিয়ে আরিফের হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে কুপাতে থাকে ও লোহার রড দিয়ে পেটাতে থাকে।
আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আরিফকে গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি দল জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ভোর সাড়ে চারটায় রাজধানী ঢাকার কোতোয়ালি থানাধীন সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আবুল কাশেম ফরাজীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার কাশেম হত্যাকাণ্ডের সঙ্গে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights