হবিগঞ্জে ওএমএসের চাল পাচার, সাবেক ছাত্রদল নেতা কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস) এর চাল পাচারের অভিযোগে আটক জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী রতনকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল বহক। জাকারিয়া চৌধুরী রতন করাব ইউনিয়নের ডিলার হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি করাব গ্রামের মৃত কছির মিয়ার ছেলে।

জানা যায়, ডিলার হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম করে আসছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এরই প্রেক্ষিতে রবিবার (২৯ মার্চ) বিকেলে তিন বস্তা চাল হবিগঞ্জ শহরে পাচারের সময় সেনাবাহিনী তাকে হাতেনাতে আটক করে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে রাত ৮টার দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৩ বস্তা পাচারকৃত চাল উদ্ধার করা হয়। পরে রাতেই তাকে লাখাই থানায় হস্তান্তর করা হয়।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ ইসলাম জানান, মোট ১৬ বস্তা চালসহ তাকে আটক করা হয়েছে। তার ডিলারশিপ লাইসেন্স বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights